শিরোনাম

থাইল্যান্ডে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’, চাঙ্গা হচ্ছে পাতায়ার অর্থনীতি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
থাইল্যান্ডে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’, চাঙ্গা হচ্ছে পাতায়ার অর্থনীতি
রাতের পাতায়া শহর। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

দীর্ঘ ২৮৬ দিন ধরে সমুদ্রে কাটানোর পর অবশেষে স্থলে ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরমাণুচালিত রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন-এর নাবিকরা। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের মতো কঠিন ও টানা দায়িত্ব সামলে থাইল্যান্ডের চোনবুরির লেম চাবাং গভীর সমুদ্রবন্দরে নোঙর করেছে বিশালাকার এ বিমানবাহী রণতরীটি। মার্কিন বহরের প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সেনা চার দিন থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় তাদের অবকাশ যাপন করবেন। তাদের আগমনে মন্দায় ডুবতে বসা পাতায়ার পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়দের মুখে এখন স্বস্তির হাসি।

সিঙ্গাপুরের পাশ দিয়ে যাচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: এপি
সিঙ্গাপুরের পাশ দিয়ে যাচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: এপি

ইরান সংকটের ফলে বিশ্বজুড়ে জ্বালানির আকাশছোঁয়া দাম ও পর্যটক ঘাটতিতে পাতায়ার স্বাভাবিক অফ-সিজনে এখন বেশ দুরবস্থা। ব্যবসায়ীদের এ মন্দা কাটাতে মার্কিন সেনাদের উপস্থিতি বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, নাবিকদের চার দিনের সংক্ষিপ্ত সফর থাইল্যান্ডের অর্থনীতিতে প্রায় ১০ কোটি বাহাত (প্রায় ৩০ লক্ষ মার্কিন ডলার) যোগ করবে। পাতায়া বিজনেস অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি ভুনানান পাতানাসিন বলেন, ‘আমি আনন্দিত যে নাবিকরা আমাদের স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এখানে আসছেন।’

তবে দীর্ঘ মিশন শেষে তীরে আসা সেনাদের ছুটির আনন্দে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বর্ণাঢ্য নৈশজীবনের জন্য বিখ্যাত শহরে নাবিকদের ঘোরাফেরায় দেওয়া হয়েছে কিছু সুনির্দিষ্ট বার্তা। পাতায়ার মেয়র পোরামেট এনগাম্পিচেট জানান, ‘আমরা তাদের প্রতিনিধির সঙ্গে গাঁজার ওপর বিধিনিষেধ, সেইসঙ্গে সূর্যাস্তের পর কঠোরভাবে নিষিদ্ধ কিছু এলাকা নিয়ে আলোচনা করেছি। কেউ কেউ পাতায়ার হোটেলে থাকবেন, আর অন্যরা জাহাজে ফিরে যাবেন।’

পাতায়া সৈকত। ছবি: রয়টার্স
পাতায়া সৈকত। ছবি: রয়টার্স

মার্কিন সেনাদের আগমন ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসাত্মক মিম তৈরির ধুম পড়ার পাশাপাশি স্থানীয় পুলিশের অভিযান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। থাই পুলিশ সৈকত এলাকা থেকে বেশ কয়েকজন যৌনকর্মীকে আটক করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় মানবাধিকার ও অধিকার রক্ষা সংগঠনগুলো। এ পেশায় যুক্ত মানুষদের আইনি সুরক্ষার দাবি তুলে যৌনকর্মীদের সংগঠন ‘সুইং’ সামাজিক মাধ্যমে মন্তব্য করে, ‘যখন মানুষ পাতায়া নিয়ে কথা বলে, তখন তারা টাকা, রসিকতা আর রাতের জীবন নিয়ে কথা বলে- কিন্তু আমরা কর্মীদের নিয়ে আরও বেশি কথা বলি না কেন?’

সব মিলিয়ে, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নিজ দেশে ফেরার দীর্ঘ যাত্রার আগে মার্কিন বাহিনীর জন্য এ চার দিন যেমন শক্তি সঞ্চয়ের সুযোগ, তেমনি মন্দাকবলিত থাই ব্যবসায়ীদের জন্যও এটি এক বড় অর্থনৈতিক স্বস্তি।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

/এমএকে/