শিরোনাম

কৃষককে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল সংবাদদাতা
কৃষককে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্যই কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলা। সেজন্যই আমরা কৃষক কার্ড দিয়েছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, পহেলা বৈশাখ এখন সামাজিক অনুষ্ঠানে রূপ নিলেও এটি মূলত কৃষকদের সঙ্গে সম্পর্কিত। একারণেই আজ কৃষক কার্ডের উদ্বোধন করেছি।

তিনি বলেন, প্রাথমিকভাবে এ কার্ড পাচ্ছেন ২২ হাজার কৃষক। আগামী ৫ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ চাষি কৃষক কার্ড পাবেন। এটি ছিল আমাদের

নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে অন্যতম। এছাড়া দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে আমরা কৃষি ঋণ ১০ হাজার পর্যন্ত মওকুফ করেছি । এই সুবিধা পেয়েছেন ১২ লাখ কৃষক।

প্রধানমন্ত্রী বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে। যাতে কৃষকরা ফসলের আরও দাম পেতে পারেন। গতকাল কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে বসেছি। বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরি করেতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। সরকারের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়ন। সবাই নিজের দেশকে ভালো দেখতে চায়। আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এর জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা।

তারেক রহমান বলেন, কৃষক ও কৃষির সুবিধার্থে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। ভূগর্ভস্থ পানি কমতে শুরু করেছে। ভূগর্ভস্থ পানির দিকে নজর দিতে হবে। তাই কীভাবে সেটাকে বাঁচানো যায়, এ বিষয়ে উদ্যোগ নেবে সরকার।

এর আগে, টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন টাঙ্গাইলের ১৫ কৃষককে নিজ হাতে কৃষক কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি এসব কৃষকদের গাছের ছাড়া বিতরণ করা হয়।

জানা গেছে, প্রি-পাইলটিং হিসেবে দেশের ১০টি উপজেলার ১১টি ব্লকে ২০ হাজার ৬৭১ জন কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে এক হাজার ৪৫৩ জন কৃষকের মাঝে কৃষক কার্ড পাবে।

কৃষি বিভাগ জানায়, পর্যায়ক্রমে সারাদেশের কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।

পাইলটিং পর্যায়ে প্রত্যেক কৃষক বছরে ২৫০০ টাকা করে পাবেন। এ খাতে সরকারের মোট ব্যয় হবে ৮ কোটি ৩৪ লাখ টাকা।

কৃষক কার্ডে যেসব সেবা পাওয়া যাবে তা হচ্ছে– ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ন্যায্যমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইল ফোনে আবহাওয়া পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ফসলের রোগ বালাই দমনের পরামর্শ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় সুবিধা।

/এসবি/