শিরোনাম

ইরানে হামলায় ৫০ হাজার মার্কিন সেনা অংশ নিচ্ছে: যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
ইরানে হামলায় ৫০ হাজার মার্কিন সেনা অংশ নিচ্ছে: যুক্তরাষ্ট্র
ছবি: মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)

ইরানে চলমান হামলায় যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনাসদস্য, প্রায় ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী ও একাধিক বোমারু বিমান অংশ নিচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) এই তথ্য জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার।

বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কয়েক দশকের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি’। পাশাপাশি আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

মার্কিন কর্মকর্তা বলেন, সম্ভাব্য যেসব স্থাপনা বা সক্ষমতা থেকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা হতে পারে, সেগুলো ধ্বংস করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, ইরানি নৌবাহিনীর সক্ষমতাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে।

অ্যাডমিরাল কুপার দাবি করেন, এ পর্যন্ত ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, সমুদ্রতল থেকে আকাশপথ ও সাইবারস্পেস সব ক্ষেত্রেই ইরানের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

/এসএ/