শিরোনাম

রোনালদোর ভাবনায় বিদায় বিষয়টি নেই

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
রোনালদোর ভাবনায় বিদায় বিষয়টি নেই
পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো

বিশ্বকাপে যাওয়ার আগে আজ বুধবার (১০ জুন) রাতে পর্তুগাল নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি পর্তুগালের লেইরিয়াতে। এ ম্যাচের আগে ফুটবলবিশ্বে একটি আলোচনা চলছে– দেশের মাটিতে দলটির অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর এটিই শেষ ম্যাচ কিনা!

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রশ্নটি করা হয়েছিল পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজকেও। পর্তুগাল কোচ অবশ্য বলেছেন, বিদায়–টিদায় নিয়ে এখন ভাবছেন না রোনালদো। ৪১ বছর বয়সী রোনালদোর ভাবনায় এখন শুধুই বিশ্বকাপ , ‘আমাদের অধিনায়ক যা করে, সবকিছুতেই উদাহরণীয়। জাতীয় দলকে সাহায্য করার জন্য সে ২৪ ঘণ্টাই নিজেকে উজাড় করে দেয়।’

রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন রোনালদো। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে বর্ণাঢ্য ক্যারিয়ারে একমাত্র অধরা বড় ট্রফিটি জিততে চান পর্তুগিজ উইঙ্গার। তাই তো সবকিছু দূরে সরিয়ে রেখে তাঁর ভাবনায় শুধুই বিশ্বকাপ। মার্তিনেজ বলেছেন, ‘আমাদের অধিনায়ক এবং দলের অন্য খেলোয়াড়রা ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। ভবিষ্যতে কী হবে, তা আমরা জানি না। চোট পেতে পারে, আবার এমন কিছু সিদ্ধান্তও আসতে পারে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে।’

মার্তিনেজ এরপর যোগ করেন, ‘এখন আমাদের মনোযোগ প্রশিক্ষণ, নিজেদের সেরা অবস্থায় নিয়ে যাওয়া, কৌশলগুলো মাঠে প্রয়োগ করা। রোনালদো সবার সামনে এই উদাহরণই স্থাপন করেছে।’আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৭) খেলা এবং ও সর্বোচ্চ গোল (১৪৩) করার রেকর্ডের মালিক রোনালদোর পর্তুগাল দলে অভিষেক ২০০৩ সালে। ৪১ বছর বয়সী আল নাসরের তারকা এখনও জাতীয় দল থেকে অবসরের কোনো ইঙ্গিত দেননি।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে রোনালদোকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ মার্টিনেজ, ‘আমাদের পরিকল্পনা হলো ১১টি পরিবর্তন করা এবং সবাইকে কিছু না কিছু খেলার সুযোগ দেওয়া।’

মার্তিনেজ এরপর বলেন, ‘আমাদের পাঁচ বা ছয়জন খেলোয়াড়ের জন্য এটি হবে প্রথম ম্যাচ। এখনও ব্যক্তিগত প্রস্তুতির ওপর জোর দেওয়া হচ্ছে এবং যাদের খেলার সময় দরকার, তাদের মিনিট দেওয়া হচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হলো বিশ্বকাপে যাওয়ার বিমানে সবাইকে পুরোপুরি প্রস্তুত অবস্থায় তোলা।’

/আরএ/