শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২
বন্দুকধারীদের গুলি চালানোর পর ঘটনাস্থলে ফরেনসিক দলের সদস্যরা। ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বস্তিতে একদল বন্দুকধারীর অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১২ জন নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে সংঘটিত এ হামলার পর পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে পুলিশ বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করেছে।

স্থানীয় পুলিশ প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে এসে ১০ জনেরও বেশি সশস্ত্র দুর্বৃত্ত ক্লিভল্যান্ডের একটি পেট্রোল স্টেশনের কাছে নামে। এরপর তারা দুই দিক থেকে বস্তিটিতে প্রবেশ করে এবং ভেতর দিয়ে যাওয়ার সময় বাসিন্দাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। নারকীয় এ তাণ্ডব চালিয়ে হামলাকারীরা আবার একই গাড়িতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১১:১০ মিনিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাসেবা দল দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৮ জন পুরুষ ও ৩ জন নারী প্রাণ হারান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়ায়। এছাড়া গুলিবিদ্ধ আরও ৯ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার সুনির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য এখনও জানা যায়নি এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে গভীর তদন্ত চালাচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ খুন হন। বিশেষ করে দেশটির বস্তি এলাকাগুলোতে গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত শত্রুতার জেরে প্রায়ই এমন গোলাগুলির ঘটনা ঘটে থাকে। গত বছরও জোহানেসবার্গের একটি পানশালায় বন্দুক হামলায় ৯ জন নিহত হয়েছিলেন। সাউথ আফ্রিকান গানওনার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সমপরিমাণ অবৈধ ও লাইসেন্সবিহীন অস্ত্র রয়েছে।

সূত্র: বিবিসি

/এমএকে/