শিরোনাম

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬, নিখোঁজ ১৭

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬, নিখোঁজ ১৭
ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়া ভবনে উদ্ধারকাজ চলমান। ছবি: আনাদোলু এজেন্সি

দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া ধসে পড়া ঘরবাড়ি ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া আরও অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ফিলস্টারের বরাত দিয়ে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে, এ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৪৮৭ জন আহত হয়া হয়েছে। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় হতাহতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে সারাঙ্গানি প্রদেশের উপকূলীয় এলাকায় উৎপত্তি হওয়া এ শক্তিশালী ভূকম্পন পুরো মিন্দানাও অঞ্চলে ব্যাপক বিপর্যয় ডেকে এনেছে। ভূমিকম্পের তীব্রতায় অসংখ্য ভবন ধসে পড়েছে, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং অন্তত ১০টি স্থানে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। সারাঙ্গানি প্রদেশের নিউ আকলান বারাংয়ে এলাকায় ভূমিধসে একটি জনবসতি মাটিচাপা পড়ায় অন্তত ১৩ জন বাসিন্দা নিখোঁজ রয়েছেন। এছাড়া আরেকটি সম্পূর্ণ গ্রাম ধসে পড়া মাটির নিচে চাপা পড়েছে বলে প্রাপ্ত তথ্য তদন্ত করে দেখছে প্রশাসন। সেখান থেকে এখনো কোনো মৃত্যুর খবর নিশ্চিত করা যায়নি।

ভূমিকম্পের আঘাতে ওই অঞ্চলের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চিত্রও অত্যন্ত ভয়াবহ। দুর্যোগ কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ৪১টি সড়ক, ১৮টি সেতু এবং ২৩৮টি সরকারি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক। এর ওপর ক্রমাগত আফটারশক বা অনুকম্পন হতে থাকায় এবং মূল হাসপাতালগুলোর ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চিকিৎসকরা বাধ্য হয়ে খোলা জায়গায় তাঁবু খাটিয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যে রোগীদের জরুরি চিকিৎসা সেবা দিচ্ছেন।

সব মিলিয়ে এ দুর্যোগে ১ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের মধ্যে ৪১ হাজারেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ৩ হাজার ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। দুর্গতদের সহায়তায় সরকার ইতোমধ্যেই উদ্ধার তৎপরতার পাশাপাশি জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার করেছে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে ৪৮ লাখ পেসো (প্রায় ৯৬ লাখ টাকা) মূল্যের জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/