শিরোনাম

আমি সব সময় আমার প্রতিশ্রুতি রক্ষা করি: ট্রাম্প

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আমি সব সময় আমার প্রতিশ্রুতি রক্ষা করি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টির হাতে গেলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিশ্রুতির কথা জানান তিনি।

এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন ট্রাম্প। তবে তিনি জানান, নির্বাচনে রিপাবলিকানরা জয়ী হলে দেশের সব নাগরিকের জন্য এ অর্থ জোগাড় করা এবং তা বিতরণ করা বর্তমান প্রশাসনের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ট্রাম্পের ভাষায়, ‘আমি জানি না। তবে রিপাবলিকানরা জয়ী হলে এটা সহজ। দেশের সব প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেওয়া হবে। আমরা সহজেই তা সামলাতে পারব, কারণ আমরা বেশি অর্থ আয় করছি।’

বিরোধী দল ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, প্রতিদ্বন্দ্বী দলটি এমন প্রতিশ্রুতি কখনোই দিতে পারবে না। ডেমোক্র্যাটরা রাষ্ট্রক্ষমতায় এলে দেশের অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়বে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে ‘সবকিছু ভেঙে পড়বে’ এবং দেশ অর্থনৈতিক মন্দায় চলে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, সাধারণ মানুষের কল্যাণে তিনি যে ঘোষণা দিয়েছেন, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করবেন। ট্রাম্প আরও বলেন, ‘আমি এই প্রতিশ্রুতি দিয়েছি, আর আমি সব সময় আমার প্রতিশ্রুতি রক্ষা করি।’

/এমএকে/