শিরোনাম

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সিটিজেন ডেস্ক
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
একটি ইরানি ড্রোন। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফুজাইরাহ আকাশসীমায় একটি ড্রোন অনুপ্রবেশ করলে সেটিকে সফলভাবে ভূপাতিত করা হয়। তবে ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষ সরাসরি নিচে থাকা একটি খামারের (ফার্ম) ওপর গিয়ে পড়ে। এতে সেখানে কর্মরত ওই বাংলাদেশি নাগরিক প্রাণ হারান।

নিহত বাংলাদেশি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি কৃষি খামারে কর্মরত ছিলেন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি আমিরাত সরকার।

এদিকে, ফুজাইরাহ কর্তৃপক্ষ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে তারা জনগণকে আতঙ্কিত না হয়ে কেবল সরকারি সূত্রের তথ্যের ওপর আস্থা রাখতে এবং যেকোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে থেকে সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই ড্রোন ও মিসাইল ভূপাতিত করার সময় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে মারা গেছেন।

সূত্র: ডব্লিউএএম ও খালিজ টাইমস

/এফআর/জেএইচ/