শিরোনাম

২-৩ সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করার ঘোষণা ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
২-৩ সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করার ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে চলমান সামরিক অভিযান শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সময়সীমার কথা জানান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ইরানে আমাদের আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে আনছি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এ অভিযান শেষ হবে বলে আমি আশা করছি।’

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছানোয় তারা এখন যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি কোনো ধরনের পাল্টা উসকানিমূলক পদক্ষেপ নেয়, তবে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ট্রাম্প তার বক্তব্যে স্পষ্ট করেন, যুদ্ধ বন্ধের জন্য ইরানের সঙ্গে কোনো বিশেষ চুক্তিতে আসার আবশ্যকতা তিনি দেখছেন না। যুক্তরাষ্ট্র চাইলে কোনো সমঝোতা ছাড়াই একতরফাভাবে এ অভিযান বন্ধ করতে পারে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প বলেন, অভিযানের প্রধান লক্ষ্য ছিল দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং সে লক্ষ্য পূর্ণাঙ্গভাবে অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, ইরানের কাছে এখন কোনো পারমাণবিক অস্ত্র নেই। ইরানের শাসনব্যবস্থা প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন, তেহরানের শাসনে পরিবর্তন আনা তার প্রাথমিক উদ্দেশ্য ছিল না। তবে তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের শাসনব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন ঘটে গেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/