শিরোনাম

নিউইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিহত

সিটিজেন ডেস্ক
নিউইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিহত
নিউইয়র্কে সড়ক পারাপারের সময় ময়লার ট্রাকের চাপায় নিহত নিশাত জান্নাত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক পারাপারের সময় ময়লার ট্রাকের চাপায় নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রবিবার (২৯ মার্চ) রাত প্রায় ১২টার দিকে কুইন্সের জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নিশাত নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি জ্যামাইকার পারসন্স বুলেভার্ডের একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, একটি ময়লার ট্রাক রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখে চলছিল। ৬২ স্ট্রিটে উত্তরমুখী লেনে ডানদিকে মোড় নেওয়ার সময় ট্রাকটি নিশাতকে আঘাত করে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নিশাতের পরিবার জানায়, তিনি ছিলেন অত্যন্ত আশাবাদী ও প্রাণবন্ত। বড় বোন নওশিন জান্নাত বলেন, সে সব সময় সবাইকে সাহস দিত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।

নিশাত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামের বাসিন্দা। তার বাবা হেলাল উদ্দিন নিউইয়র্কের উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তিনি জানান, প্রায় আট বছর আগে উন্নত জীবনের আশায় পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। চার মেয়ের মধ্যে নিশাত ছিলেন দ্বিতীয়।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি কাজ করে নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছিল।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার জোহরের নামাজের পর বায়তুল জান্নাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিউইয়র্কেই তাকে দাফন করা হবে।

দুর্ঘটনার সময় ট্রাকটির ৩৮ বছর বয়সী নারী চালক ঘটনাস্থলেই ছিলেন। সামান্য আহত অবস্থায় তিনি চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নিউইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

ট্রাকটির মালিক প্রতিষ্ঠান রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানায়, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সও ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

/এসএ/