শিরোনাম

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

বগুড়া সংবাদদাতা
বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। বুধবার (১ এপ্রিল) ভোরে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর নাম হুমায়রা। তার বাবা-মা বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

শজিমেক হাসপাতালের উপপরিচালক ও মুখপাত্র মো. মনজুর-এ-মুর্শেদ মুত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির শরীরে হামের স্পষ্ট র‍্যাশ (লালচে দানা) ছিল। নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে আরও ৯টি শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।’

তিনি আরও বলেন, হামের জটিলতা বাড়লে শিশুদের জন্য পেডিয়াট্রিক আইসিইউ প্রয়োজন হয়। কিন্তু এই হাসপাতালে শিশুদের জন্য পৃথক আইসিইউ ব্যবস্থা নেই। জনবল ও প্রয়োজনীয় সহায়তার জন্য ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ রোগী চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মজিদুল ইসলাম জানান, ভর্তি রোগীর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত এক মাসে হামের উপসর্গ থাকা ২৬ রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা সাজ্জাদ-উল হক গণমাধ্যমকে জানান, সংগৃহীত নমুনার মধ্যে এখন পর্যন্ত দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো হামের রোগী ভর্তি নেই।

/এফআর/ এসআর/