শিরোনাম

বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি ৬  জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের আটকে থাকা ৬টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার বিষয়ে ইরানের নিরাপত্তা কাউন্সিল সহায়তা করার অনুমোদন দিয়েছে। জাহাজগুলো নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ইরান– উভয় পক্ষই কাজ করছে।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। ছবি : সংগৃহীত

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলেছিলাম। সেগুলো গত সপ্তাহে আমরা পেয়েছি। এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

রহিমি আরও বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু। এ দেশের সঙ্গে আমাদের ভাতৃত্বের বন্ধন। এই অঞ্চলে আমাদের মুসলিম ভাই যারা আছে, তারা বিন্দুমাত্র কষ্ট করুক– আমরা যতদিন আছি, এটা হতে দেবো না। তারপরও যদি কোনো অসুবিধা হয়ে যায়, একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, আমরা আশা করি এ দেশের জনগণ সেটা অনুধাবন করবে।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি এলাকায় নৌ-চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নিরাপত্তার কারণে নৌ-চ্যানেলটিতে বিভিন্ন দেশের জাহাজ আটকা পড়ে, যার মধ্যে বাংলাদেশের ছয়টি জাহাজও ছিল।

/এফআর/জেএইচ/