শিরোনাম

ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান

নিজস্ব প্রতিবেদক
ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান
ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান। ছবি: সংগৃহীত

ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর বনানী, ফার্মগেট, মগবাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপি জানিয়েছে, বিভিন্ন এলাকায় সড়কের পাশের রেস্তোরাঁ, যানবাহন মেরামতের গ্যারেজ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবের দোকানগুলো তাদের নিজস্ব সীমানার বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় ব্যবসা সম্প্রসারণ করেছে। রেস্তোরাঁর রান্নার চুলা, গ্রিল বা কাবাব তৈরির যন্ত্র, ওয়ার্কশপের পুরোনো টায়ার ও যন্ত্রপাতি ফুটপাতে ফেলে রাখা হচ্ছে। এমনকি মোটরগাড়ির ওয়ার্কশপগুলো প্রায়ই রাস্তার লেন দখল করে গাড়ি মেরামত করছে। এতে ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটার সুযোগ থাকছে না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে পথচারীরা নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এতে সড়কে যানজট তৈরি হচ্ছে।

ডিএমপি কর্মকর্তারা বলছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

এদিকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা বলেন, জীবিকার তাগিদেই আমরা ফুটপাতে বসেছি। আমরা সরকারের কাছে বিকল্প পুনর্বাসনের দাবি জানাই।

রাজধানীর ফার্মগেটে অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল।

তিনি বলেন, ‘এখানকার ফুটপাতে যাদের দোকান রয়েছে, এর সাথে ব্যবসায়ীদের আয়-রোজগার জড়িত। আমরা আজকের অভিযানে তাদের বুঝিয়েছি, আপনারা এখান থেকে চলে যান। আগামীতে এই অভিযান চলমান থাকবে এবং প্রতিনিয়তই কেউ না কেউ তদারকিতে থাকবে। দ্বিতীয়বারের মতো কেউ যদি এখানে দোকান দিয়ে বসে, তাহলে আমরা অ্যাকশনে যাবো, জরিমানা করবো ও মালামাল জব্দ করবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের মোটিভ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া। যারা এক্সটেনশন করেছে, আমরা সেগুলো উচ্ছেদ করেছি।’

/জেএইচ/