শিরোনাম

নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরতে প্রবাসীদের সপ্তাহব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরতে প্রবাসীদের সপ্তাহব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত

নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান জনসাধারণের সামনে তুলে ধরতে সপ্তাহব্যাপী এক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি আইনজীবী সাহিদুর রহমান (সাহিদ) ও সাংবাদিক শাহেদ শফিক।

এ কর্মসূচির জন্য প্রাথমিকভাবে রংপুর বিভাগকে বেছে নেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এটি চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে লন্ডনসহ দেশের অন্যান্য অঞ্চলেও এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে রংপুর বিভাগের বিভিন্ন স্কুল, মাদরাসা, লাইব্রেরি ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক শাহেদ শফিক রচিত ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া: বৈশ্বিক অনুপ্রেরণার মডেল’ বইটি বিতরণ করা হবে।

বইটিতে নারী শিক্ষা বিস্তারে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান স্বচিত্র তথ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও অনুসন্ধানের ভিত্তিতে তিনি বইটি রচনা করেন। গত বছরের নভেম্বর মাসে জিনিয়াস পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশিত হয়।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে আইনজীবী সাহেদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে দীর্ঘদিন ধরে তার এসব অবদান আড়াল করার চেষ্টা করা হয়েছে। ফলে নতুন প্রজন্ম সেগুলো সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পায়নি। এই বাস্তবতা থেকেই তারা এমন উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, ‘সাংবাদিক শাহেদ শফিকের লেখা বইটি তিনি নিজে পড়েছেন। এতে নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সে কারণে আমি মনে করি বইটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। এজন্যই ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি। আশা করি পর্যায়ক্রমে সারা দেশের মানুষের মধ্যে আমরা বেগম খালেদা জিয়ার এসব অবদান পৌঁছে দিতে পারব।’

অন্যদিকে বইটির বিষয়ে লেখক শাহেদ শফিক জানান, দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, পত্রপত্রিকা ও নিজস্ব সূত্র থেকে তথ্য সংগ্রহ করে তিনি বইটি রচনা করেছেন। এতে বেগম খালেদা জিয়ার নারী শিক্ষা বিস্তারে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরা হয়েছে, যেগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ বেগম খালেদা জিয়ার সেসব উদ্যোগকে মডেল হিসেবে তাদের নিজ দেশে বাস্তবায়ন করেছে বলেও জানান তিনি।

/জেএইচ/