শিরোনাম

ইস্তাম্বুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ইস্তাম্বুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ কনসাল। ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তুরস্কের ইস্তাম্বুলে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৬’ উদযাপন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াত এবং ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে ইউনেস্কোর সাধারণ পরিষদের প্রদত্ত ভিডিও বার্তাও প্রদর্শন করা হয়।

আলোচনা সভার মূল বক্তব্যে কনসাল জেনারেল বলেন, ভাষা আন্দোলন, মূলত ছিল একটি বৈষম্যবিরোধী আন্দোলন যার ধারাবাহিকতায় ১৯৭১ এবং ২০২৪ সালেও বাংলাদেশের জনগণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে সফল হয়েছে।

এ সময় তিনি প্রবাস প্রজন্মের মধ্যে বাংলা ভাষা শিক্ষার কার্যকর উদ্যোগ গ্রহণ, বাংলাভাষার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অধিক গবেষণা ও চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি পালনে প্রবাসীদের পাশাপাশি স্বাগতিক দেশের শিক্ষার্থী, সাধারণ জনগণ ও কূটনীতিকদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সবশেষ ১৯৫২ সালের সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের জনগণের সার্বিক সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইস্তাম্বুলে বসবাসরত বিভিন্ন পেশার বাংলাদেশি প্রবাসী, কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

/জেএইচ/