শিরোনাম

হলান্ডের পর এবার মেসিকেও থামাবো: টুখেল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
হলান্ডের পর এবার মেসিকেও থামাবো: টুখেল
সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল

চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) এক মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফাইনালে ওঠার এ মহালড়াইয়ের কেন্দ্রবিন্দুতে স্বাভাবিকভাবেই রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে ইংলিশদের প্রধান কোচ টমাস টুখেলের বিশ্বাস, সঠিক রণকৌশল অবলম্বন করলে এই মহাতারকাকেও মাঠের মধ্যে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কোয়ার্টার ফাইনালে নরওয়ের গোলমেশিন আরলিং হলান্ডকে সফলভাবে নিষ্ক্রিয় রাখার অভিজ্ঞতাকেই এবার আলবিসেলেস্তেদের বিপক্ষে কাজে লাগাতে চায় থ্রি-লায়ন্সরা।

ম্যাচের আগে টুখেল বলেন, মেসি একজন অবিশ্বাস্য ফুটবলার যিনি যেকোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে তাকে রুখতে হলে কেবল মেসি নয়, মাঠের ভেতরে তাকে যারা বল জুগিয়ে সাহায্য করেন, তাদেরও আটকে রাখতে হবে। আর্জেন্টিনার শক্তিমত্তাকে সমীহ করলেও নিজের কৌশলের ওপর পূর্ণ আস্থা রয়েছে এ মাস্টারমাইন্ডের।

এদিকে দলগত পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ম্যাচটি কেবল মেসির বিরুদ্ধে নয়, বরং পুরো শক্তিশালী আর্জেন্টিনা দলের বিপক্ষে। দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে এবারই প্রথম মেসির মুখোমুখি হওয়ার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে কেইনকে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ইংল্যান্ডের জার্সিতে কেইনের ১২১তম আন্তর্জাতিক ম্যাচ। এ ম্যাচটি তাকে ওয়েইন রুনিকে ছাড়িয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফরোয়ার্ডের অনন্য মর্যাদায় বসাবে। তবে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট কাটাই এখন কেইনের মূল লক্ষ্য।

ইংলিশ শিবিরের জন্য বড় স্বস্তির খবর হলো, অসুস্থতা কাটিয়ে মাঝমাঠের প্রাণভোমরা ডেকলাইন রাইস সম্পূর্ণ সুস্থ হয়ে প্রথম একাদশে ফিরছেন। দলের মধ্যে এখন নতুন আত্মবিশ্বাস কাজ করছে এবং ফাইনালের খুব কাছে এসে সবাই নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত। ফাইনালে ওঠার লড়াইয়ের পাশাপাশি ম্যাচে থাকছে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এক প্রচ্ছন্ন যুদ্ধ। বর্তমানে আট গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে শীর্ষে আছেন লিওনেল মেসি। অন্যদিকে ছয়টি করে গোল করে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম। ফলে গোল্ডেন বুটের দৌড়ে টিকে থাকার লড়াই ম্যাচটিতে যোগ করেছে বাড়তি উত্তেজনা।

/এমএকে/