শিরোনাম

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর আব্দুল গনি রোডে শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় শিক্ষা ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক– মিলনের পদত্যাগ’, ‘পরীক্ষা স্থগিত করতে হবে’, ‘ন্যায্য দাবি মানতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করারও দাবি জানান তারা।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে, এদিন বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হতে শুরু করেন। এসময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

‎অবরোধ চলাকালে ‘দফা এক, দাবি এক– শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে– ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে– শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তিন দফা দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও ছিল তাদের হাতে।

সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলনকারীরা প্রায় আধাঘণ্টা অবস্থান করেন। পরে বিকাল ৩টা ৫ মিনিটের দিকে তারা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

/এফআর/