শিরোনাম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাট ঘোষণা আইসিসির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাট ঘোষণা আইসিসির
বাংলাদেশ ওয়ানডে দল (বাঁয়ে) ও বিশ্বকাপ ট্রফি (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

আগামী ২০২৭ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করতে টুর্নামেন্টের কাঠামোতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এডিনবরায় অনুষ্ঠিত সংস্থার বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বুধবার (১৫ জুলাই) নতুন এ ফরম্যাটের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ১৪ দলের এই বৈশ্বিক আসরে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘সুপার সিরিজ’ নামক একটি বিশেষ পর্ব। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচের রোমাঞ্চ ও গুরুত্ব ধরে রাখতেই আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, মূল গ্রুপ পর্ব শুরু হওয়ার আগেই ‘সুপার সিরিজ’ থেকে দুটি দলকে বিদায় নিতে হবে। এরপর টিকে থাকা বাকি ১২টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হবে, যার প্রতিটিতে থাকবে ছয়টি করে দল। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল পরবর্তী ধাপে উন্নীত হবে।

এর বাইরে দুই গ্রুপের চতুর্থ স্থানধারী দলগুলোর মধ্যে যে দলটির পারফরম্যান্স সেরা হবে, সেটিসহ মোট সাতটি দল নিয়ে মাঠে গড়াবে ‘সুপার সেভেন’ পর্ব। এরপর এই পর্বের সেরা চার দল সরাসরি জায়গা করে নেবে সেমিফাইনালে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মতে, এই ফরম্যাটের ফলে প্রতিযোগিতার আমেজ একদম শুরু থেকেই বজায় থাকবে। উল্লেখ্য, ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে আফ্রিকা মহাদেশের তিন দেশে এই ক্রিকেট মহাযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

/এমএকে/