শিরোনাম

আজ চূড়ান্ত হতে পারে নবম পে-স্কেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আজ চূড়ান্ত হতে পারে নবম পে-স্কেল
পে-স্কেল। ছবি: সিজেডএন গ্রাফিক্স

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বা পে-স্কেল সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আজ বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে প্রস্তাবিত সুপারিশমালা চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রয়েছে। দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন-ভাতা পান।

তবে নতুন পে-স্কেল অনুযায়ী, পূর্বের মতোই ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। সেখানে সর্বোচ্চ বা প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গ্রেডের জন্য প্রস্তাবিত মূল বেতন যথাক্রমে ১ লাখ ৩২ হাজার, ১ লাখ ১৩ হাজার, ১ লাখ এবং ৮৬ হাজার টাকা। ষষ্ঠ থেকে দশম গ্রেডের জন্য মূল বেতন যথাক্রমে ৭১ হাজার, ৫৮ হাজার, ৪৭ হাজার ২০০, ৪৫ হাজার ১০০ এবং ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া ১১তম থেকে ১৫তম গ্রেডের ক্ষেত্রে মূল বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে যথাক্রমে ২৫ হাজার, ২৪ হাজার ৩০০, ২৪ হাজার, ২৩ হাজার ৫০০ এবং ২২ হাজার ৮০০ টাকা।

এছাড়া ১৬তম গ্রেডের জন্য ২১ হাজার ৯০০, ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০, ১৮তম গ্রেডে ২১ হাজার, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ এবং সর্বনিম্ন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। এর ফলে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় ১ লাখ কোটি টাকা।

তবে কোনো কারণে আজ এটি চূড়ান্ত না হলে পরবর্তী বৈঠকে তা চূড়ান্ত করে সরাসরি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে।

অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরেই এই নতুন স্কেলের মূল বেতনের পুরো অংশ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। তবে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার পর বর্তমানে চালু থাকা ২০০০ থেকে ৩০০০ টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, আজকের বৈঠকে বেতন বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত হলে তা দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের পর চূড়ান্ত খসড়াটি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় পাশ হওয়ার পর অর্থ বিভাগ থেকে এই নবম পে-স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

/জেএইচ/