শিরোনাম

৩ দেশে হবে বিশ্বকাপের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান

সিটিজেন স্পোর্টস ডেস্ক
৩ দেশে হবে বিশ্বকাপের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান
ফুটবল বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার জানিয়েছে, এবার বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

৪৮ দল নিয়ে ইতিহাসের বড় এ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, মেক্সিকো সিটিতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফিফা জানায়, মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে গ্র্যামিজয়ী জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড ‘মানা’। তাদের পাশাপাশি পারফর্ম করবেন মেক্সিকান ফোক ও পপ গায়ক আলেজান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা।

মেক্সিকো সিটির কনসার্টে দেশটির সংস্কৃতিকে তুলে ধরা হবে। সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী শিল্পী ও আধুনিক লোকসংগীতের পারফরমাররা অংশ নেবেন।

টরন্টোতে ১২ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিক কানাডা। ম্যাচ শুরুর আগে সেখানে গাইবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। এই আয়োজনে থাকছেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়।

একই দিনে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে মূল আকর্ষণ থাকবেন আমেরিকান সংগীতশিল্পী কেটি পেরি। আরও পারফর্ম করবেন আটলান্টার জনপ্রিয় র‍্যাপার ফিউচার (নেভাডিয়াস উইলবার্ন)। এ ছাড়া এই তালিকায় আছেন আনিস্তা, লিসা, রেমা ও টাইলা।

বিশ্বকাপ একাধিক দেশে যৌথভাবে আয়োজিত হওয়ার ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। সেবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দক্ষিণ কোরিয়ায়।

/টিই/