শিরোনাম

খুলনায় যুবক খুন, ফাঁকা গুলি ছুড়ে পালালো সন্ত্রাসীরা

খুলনা সংবাদদাতা
খুলনায় যুবক খুন, ফাঁকা গুলি ছুড়ে পালালো সন্ত্রাসীরা
ছবি: সংগৃহীত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় এক যুবককে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে মোটরসাইকেলে আসা অস্ত্রধারী দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে।

আজিজুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি খন্দকার হাফিজুর গণমাধ্যমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় চারটি মোটরসাইকেলে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত আজিজুলকে তুলে বিলের মধ্যে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ওসি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আজিজুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

/এসআর/