শিরোনাম

মার্কিন হামলার পর তেহরানের কড়া প্রতিক্রিয়া

সিটিজেন ডেস্ক
মার্কিন হামলার পর তেহরানের কড়া প্রতিক্রিয়া
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে একটি ইরানি জাহাজে মার্কিন সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। শুক্রবার (৮ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হামলাকে ‘দুঃসাহসিকতা ও দুর্বৃত্তসুলভ আচরণ’ বলে আখ্যা দিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে লেখা এক পোস্টে বাঘাই বলেন, ‘হালকা চড়ের মতো চক্রান্তমূলক ও সরলীকৃত বক্তব্য কখনোই আত্মম্ভরিতা, লোভ, বেপরোয়া ভুল সিদ্ধান্ত এবং আইনবহির্ভূত দায়িত্বহীনতার কলঙ্ক ঢাকতে পারবে না।’

বিশ্লেষকদের মতে, ‘হালকা চড়’ মন্তব্যটি ট্রাম্পের আগের বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবেই এসেছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ছিল কেবল ‘একটি ভালোবাসার টোকা’।

ইসমাইল বাঘাই আরও বলেন, সামাজিক মাধ্যমে ছড়ানো ‘অসংলগ্ন ও বিভ্রান্তিকর টুইট’ বাস্তব পরিস্থিতির ওপর আর কোনো প্রভাব ফেলতে পারছে না। তার দাবি, এসব বক্তব্য কেবল উত্তেজনা বাড়ানোর কাজ করছে এবং প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/