শিরোনাম

কসবা সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা বিএসএফের

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
কসবা সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা বিএসএফের
সীমান্তে বিএসএফের টহল। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে মো. মোরছালিন (২২) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মোরছালিন ওই ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন এসে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা সীমান্তের কাছাকাছি গেলে ভারতের অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মোরছালিনের মৃত্যু হয়। পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এ সময় বিএসএফের গুলিতে আরও কয়েকজন আহত হন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, মরদেহ বিএসএফের কাছে রয়েছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা করছে বিজিবি।

/এফআর/