শিরোনাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ৩ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৮ মে) নিজের ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি হবে। এই অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে। এর আওতায় ৯, ১০ ও ১১ মে যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

এই যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় রাশিয়া ও ইউক্রেনের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরপরই বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুদ্ধবিরতির বিষয়টি ঠিক হয়েছে। এটি যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রচেষ্টার অংশ।’

রাশিয়ার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, ‘মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোনে কথা বলে এই চুক্তি হয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে। এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের মিত্রতার কথা উঠে আসে এবং বিজয় দিবসে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এর আগে ৯ মে বিজয় দিবস উপলক্ষে রাশিয়া ২ দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে মস্কো সেটা আমলে নেয়নি বলে অভিযোগ করেছে কিয়েভ।

এই যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। সেইসঙ্গে মস্কো-কিয়েভের মধ্যে ১০০০ করে মোট ২০০০ বন্দি বিনিময় হবে। এই বন্দি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেনের সঙ্গে আলোচনা চলছে। প্রতিদিনই আমরা কাছে আসছি। এটা হয়তো এই দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন যুদ্ধের শেষের শুরু।’

সূত্র: দ্য টাইমস, রয়টার্স

/জেএইচ/