শিরোনাম

ইরান মার্কিন প্রস্তাবের যেসব দিক গ্রহণ ও বর্জন করতে পারে

সিটিজেন ডেস্ক
ইরান মার্কিন প্রস্তাবের যেসব দিক গ্রহণ ও বর্জন করতে পারে
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: সিটিজেন গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছেন একজন সাবেক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা। তার মতে, তেহরান এখন পর্যন্ত প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান না করায় কূটনৈতিক আলোচনার সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি।

যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক কিমিট বলেছেন, ইরান সম্ভবত প্রস্তাবটির বেশিরভাগ দিক মেনে নেবে না। তবে কিছু বিষয় রয়েছে, যেগুলো নিয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখাতে পারে। তার ভাষায়, এতে অন্তত এমন কিছু ক্ষেত্র তৈরি হতে পারে, যা কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার পথ খুলে দেবে।

কিমিট আরও বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে অনাগ্রহ দেখায়, তাহলে সেটিকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক সংকেত হিসেবে দেখা যাবে না। তার মতে, পারমাণবিক ইস্যুতে সমঝোতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সঙ্গে এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছে। তবে তেহরান যদি তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনা প্রত্যাখ্যান করে, তাহলে ভবিষ্যতে আবারও সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকে যাবে।

সূত্র: আল জাজিরা

/এমআর/