শিরোনাম

কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স আর নেই

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স আর নেই
৮৯ বছর বয়সে মারা গেলেন গ্যারি সোবার্স

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারিফিল্ড সোবার্স আর নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ৮৯ বছর বয়সে মারা গেলেন গ্যারি সোবার্স।

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার ভাবা হয় সোবার্সকে। বাঁহাতি অর্থোডক্স ও রিস্ট স্পিন দুই ধরনের বোলিংয়েই পারদর্শী ছিলেন।

১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে তার সংগ্রহ ৮ হাজার ৩২ রান, নিয়েছেন ২৩৫টি উইকেট। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে সোবার্স অপরাজিত ৩৬৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। যা পরবর্তী ৩৬ বছর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড হিসেবে টিকে ছিলো।

১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক ওভারে ৬টি ছক্কা মারার কীর্তি গড়েন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণে বছরের সেরা পুরুষ ক্রিকেটারকে আইসিসি থেকে যে সর্বোচ্চ বার্ষিক পুরস্কার দেওয়া হয়, সোবার্সের প্রতি সম্মান জানিয়ে তার নামকরণ করা হয়েছে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’।

এক্সে করা পোস্টে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে বলা হয়, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’

নিজের দেশ বার্বাডোজের হয়ে ক্রিকেট ছাড়াও ফুটবল, বাস্কেটবল ও গলফে প্রতিনিধিত্ব করেছেন।

/টিই/