শিরোনাম

ফাইনালে হারের শোক সইতে না পেরে আর্জেন্টিনায় ২ জনের মৃত্যু

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফাইনালে হারের শোক সইতে না পেরে আর্জেন্টিনায় ২ জনের মৃত্যু
আর্জেন্টিনার হারের পর বুয়েনস এইরেসের ওবেলিস্ক চত্বরে সমর্থকরা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় মাঠেই সীমাবদ্ধ থাকেনি। দেশটির রাজধানী বুয়েনস এইরেসেও নামিয়ে এনেছে এ বিষাদের ছায়া। প্রিয় দলের শিরোপা হাতছাড়ার ধাক্কা সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই বয়োজ্যেষ্ঠ সমর্থক। এছাড়া আরও এক ব্যক্তি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন।

আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (সামে) জানায়, ম্যাচের শেষভাগে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে ৮৮ বছর বয়সী এক বৃদ্ধের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে নেওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এর কিছুক্ষণ পর, সন্ধ্যা পৌনে সাতটার দিকে মনসেরাত এলাকায় ৬৭ বছর বয়সী আরেক সমর্থক নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। অন্যদিকে, বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া ৭২ বছর বয়সী আরেক বৃদ্ধের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

মাঠের এ হারের জেরে বুয়েনস এইরেসের ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে জড়ো হওয়া হাজারও সমর্থকদের মাঝে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। সেখানে ভিড়ের মধ্যে প্রায় ১৩ ফুট উঁচু স্থান থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম 'ইনফোবে'-এর তথ্য অনুযায়ী, পরাজয়ের ক্ষোভ ও হতাশায় অনেকেই মাত্রাতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছেন। সমর্থকদের নিজেদের মধ্যে মারামারি ও পড়ে গিয়ে নাক-মুখ ফেটে যাওয়ার মতো বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। একসময়ের উৎসবের স্থানটি এখন পরিণত হয়েছে গভীর শোক ও উদ্বেগে। চিকিৎসাসেবা সংস্থাগুলো সমর্থকদের শান্ত থাকতে ও ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছে।

/এমএকে/