শিরোনাম

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে সফরকারী দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক সিকান্দার রাজা। তবে টস হারলেও বাংলাদেশ দলের অধিনায়ক তাওহিদ হৃদয় জানিয়েছেন, টস জিতলে তিনিও প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে বুধবার (১৫ জুলাই) জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। চলতি জিম্বাবুয়ে সফরটি এখন পর্যন্ত বাংলাদেশ দলের জন্য একেবারেই সুখকর হয়নি। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধান পরাজয়ের পর খোয়াতে হয়েছে ওয়ানডে সিরিজও। ফলে আজ হারলে টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হবে টাইগারদের।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। অন্যদিকে, স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ম্যাচের জয়ী অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

বাংলাদেশের একাদশ:

তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

জিম্বাবুয়ের একাদশ:

ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন সুম্বা, ক্লাইভ মাদান্দে, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্র্যাড ইভান্স, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

/এমএকে/