শিরোনাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ
মার্কিন যুদ্ধবিমান

টানা নবম দিনের মতো ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতভর চালানো এ হামলায় ইরানের বেশ কয়েকটি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহারসহ একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, সর্বশেষ এ হামলাগুলোর লক্ষ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা চালাতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করা।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের বন্দরনগরী মাহশাহর ও ইমাম খোমেনিতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের দক্ষিণ উপকূলবর্তী হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহরের কাছে এবং বুশেহর প্রদেশের খভোরমুজ শহরের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সম্প্রচারমাধ্যমটি আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ শহরের কাছে তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে মার্কিন হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। এতে ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে।

বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অবকাঠামোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

কুয়েত সরকার জানিয়েছে, রবিবার টানা দ্বিতীয় দিনের মতো একটি লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এর ফলে স্থাপনাটিতে আগুন লেগেছে। এটি গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি হামলা।

এছাড়া বাহরাইন, কাতার, জর্ডান, সৌদি আরব, ইরাক ও সিরিয়াতে অবস্থিত মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে তেহরান।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/