শিরোনাম

আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি
ভারতীয় পেসার আর্শদীপ সিং। ছবি: সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটার তিলক ভার্মাকে উদ্দেশ্য করে পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিংয়ের করা একটি মন্তব্য ঘিরে উত্তাল ভারতীয় ক্রিকেটপাড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এই বর্ণবাদী মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এ বাঁহাতি পেসার। বিষয়টিকে কেন্দ্র করে আর্শদীপের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন ভারতের সাবেক স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।

সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচের আগের দিন স্ন্যাপচ্যাটে একটি ভিডিও পোস্ট করেন আর্শদীপ। সেখানে ক্যামেরা তিলকের দিকে ঘুরিয়ে তাকে অন্ধেরে বা কালো বলে সম্বোধন করেন এবং সানস্ক্রিন লাগানোর বিষয়ে কটূক্তি করেন। এর পরপরই তিনি তিলকের সতীর্থ নামান ধীরকে উদ্দেশ্য করে বলেন, পাঞ্জাবের আসল নূর। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই আর্শদীপের এই আচরণকে ‘ক্যাজুয়াল রেসিজম’ বা স্বভাবসুলভ বর্ণবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাবেক ক্রিকেটার শিবরামকৃষ্ণন জানান, এমন আপত্তিকর মন্তব্যকে ড্রেসিংরুমের সাধারণ মজা হিসেবে উড়িয়ে দেয়ার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, আর্শদীপকে চলতি আইপিএল মৌসুমের বাকি অংশের জন্য নিষিদ্ধ করা উচিত এবং তাকে প্রো-রাটা বা ম্যাচ ভিত্তিক পারিশ্রমিক দেয়া দরকার। খেলোয়াড়দের এমন জায়গায় আঘাত করা উচিত যেখানে তা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। অন্য একটি পোস্টে তিনি বিসিসিআইকে আলটিমেটাম দিয়ে বলেন, বোর্ড যদি এ বিষয়ে সঠিক ব্যবস্থা নেয়, তবে অতীতে যারা তাকে বর্ণবাদী মন্তব্য করে অপমান করেছে, তাদের নামও তিনি প্রকাশ করে দেবেন।

এদিকে মাঠের বাইরের এ বিতর্কের মাঝেই মাঠের লড়াইয়ে পাঞ্জাব কিংসকে উপযুক্ত জবাব দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। পাঞ্জাবের দেয়া ২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় নিশ্চিত করে মুম্বাই। আর এই জয়ে ব্যাট হাতে মূল ভূমিকা পালন করেন স্বয়ং তিলক ভার্মা। সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে তিনি মাত্র ৩৩ বলে ৭৫ রানের এক অনবদ্য ও অপরাজিত ইনিংস খেলেন, যার ওপর ভর করে এক বল বাকি থাকতেই জয়োৎসবে মাতে মুম্বাই ইন্ডিয়ানস।

/এমএকে/