শিরোনাম

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে টি-টোয়েন্টিতে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। আর শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট কমে যাওয়ায়, তালিকায় এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। মঙ্গলবার (৫ মে) পুরুষ ও নারী টি-টোয়েন্টি দলের র‍্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

ছেলেদের টি-টোয়েন্টিতে এখন অষ্টম স্থানে বাংলাদেশ। মেয়েদের র‍্যাঙ্কিংয়ে এগোতে না পারলেও রেটিং পয়েন্ট বাড়াতে পেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এই বছরের হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আর আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।

বাংলাদেশের আগের রেটিং পয়েন্ট ছিল ২২৪। এক পয়েন্ট বেড়ে হয়েছে ২২৫। আর ছয় পয়েন্ট হারিয়ে নয় নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা (২২১)।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাত জায়গায় কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত (২৭৫)। এরপর যথাক্রমে আছে ইংল্যান্ড (২৬২), অস্ট্রেলিয়া (২৫৮), নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)।

শ্রীলঙ্কার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দশম স্থানে আছে আফগানিস্তান (২২০)।

একাদশ ও দ্বাদশ স্থানে আছে জিম্বাবুয়ে (২০২) ও আয়ারল্যান্ড (১৮৩)। নেদারল্যান্ডস (১৮০) ও স্কটল্যান্ডকে (১৭৯) টপকে ত্রয়োদশ স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে সপ্তদশ স্থানে উঠেছে নেপাল। আর কানাডার উপরে ১৯তম স্থানে জায়গা করে নিয়েছে ওমান।

এছাড়া উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে, ইতালি ১১ পয়েন্ট অর্জন করে ২৬তম থেকে ২৩তম স্থানে উঠে এসেছে। স্পেন ১২ পয়েন্ট এগিয়ে এখন ২৬ নম্বরে।

মেয়েদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১৬টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। ২৮৭ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়া।

আগামী বৃহস্পতিবার (৭ মে) পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করবে আইসিসি।

/টিই/