শিরোনাম

ইরানের বুদ্ধিমানের মতো কাজ করা উচিত: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরানের বুদ্ধিমানের মতো কাজ করা উচিত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের উচিত বর্তমান পরিস্থিতিতে ‘বুদ্ধিমানের কাজ’ করা। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশটির অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি জিততে চাই, আর তাদের অর্থনীতি ইতোমধ্যেই ব্যর্থতার দিকে যাচ্ছে।’ তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা অতীতে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ভূয়সী প্রশংসা করে বলেন, এসব নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের মুদ্রা বর্তমানে কার্যত মূল্যহীন হয়ে পড়েছে এবং দেশটিতে মুদ্রাস্ফীতি ‘সম্ভবত ১৫০ শতাংশ’-এ পৌঁছেছে।

তবে কড়া অবস্থানের পাশাপাশি সংঘাত এড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘তাদের উচিত বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া, কারণ আমরা ভেতরে গিয়ে মানুষ হত্যা করতে চাই না—আমি সত্যিই তা চাই না। এটি খুব কঠিন।’

ইরানি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তারা চমৎকার মানুষ। আমি তাদের চিনি—নিউইয়র্কসহ বিভিন্ন জায়গায় আমার অনেক ইরানি বন্ধু রয়েছে। তারা অসাধারণ মানুষ, আমি সেই মানুষদের ক্ষতি করতে চাই না।’

সূত্র: আল জাজিরা

/এমআর/