শিরোনাম

লেবাননের গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
লেবাননের গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী
লেবাননে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত ২ মার্চ থেকে দেশটিতে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

সম্প্রতি দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদল পরিদর্শনে গিয়েছিলেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। এ সময় লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানান তিনি। সেইসঙ্গে লেবাননে আরও হামলার ইঙ্গিত দেন। ফলে দেশটিতে যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এদিকে লেবাননের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) অভ্যন্তরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডার রাফি মিলো। তিনি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামজুড়ে বিস্তৃত এলাকা ইসরায়েলি বাহিনী ‘শত্রুমুক্ত’ করার কাজ করছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

রাফি মিলো বলেন, ‘বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা করছি না। আমরা যা করছি, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের আরও অনেক কাজ বাকি আছে বলেও জানান তিনি।

‘এটি দীর্ঘস্থায়ী এক যুদ্ধ। হিজবুল্লাহকে নির্মূল করতে যতক্ষণ প্রয়োজন সামরিক বাহিনী ততক্ষণ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই অঞ্চলে আমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমরা আমাদের প্রয়োজনমতো অভিযান, হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছি।’

এর আগে লেবাননে সেনাদল পরিদর্শনে গিয়ে ইসরায়েলি সেনাপ্রধান জামির বলেন, আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করতে হবে। ‘সন্ত্রাসীদের’ অবকাঠামো ধ্বংস ও তাদের খুঁজে বের করে নির্মূল করতে হবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/