শিরোনাম

ইসরায়েলি হামলায় লেবাননে একই পরিবারের ৫ জন নিহত

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি হামলায় লেবাননে একই পরিবারের ৫ জন নিহত
ছবি: আনাদোলু এজেন্সি

দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে রাতের আঁধারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জিবচিত শহরের আল-জাবাল এলাকায় চালানো এ হামলায় একই পরিবারের ৫ সদস্য প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর এ হামলার লক্ষ্যবস্তু ছিল বাহজা পরিবারের একটি আবাসিক ভবন। শক্তিশালী এ হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে প্রাণ হারান মোহাম্মদ জাওয়াদ বাহজা ও তার স্ত্রী লুৎফিয়া। এছাড়া নিহত হয়েছেন আমানি জাবের এবং তার দুই শিশু সন্তান মারিয়াম হিলাল বাহজা ও আলী আল-রিদা হিলাল বাহজা।

হামলার পরপরই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স কর্মীরা। নিহতদের মৃতদেহ উদ্ধারে তারা সারা রাত ধরে নিরলসভাবে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে গেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

গত ১৭ এপ্রিল লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। যা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আরও ৩ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছিল। এমন একটি চুক্তির মাঝেই ইসরায়েলের এ প্রাণঘাতী হামলা ঘটলো। লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আড়াই হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/