শিরোনাম

৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ লঙ্ঘন ৫২ ইরানি জাহাজের

সিটিজেন ডেস্ক
৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ লঙ্ঘন ৫২ ইরানি জাহাজের
হরমুজ প্রণালি পার হওয়া চীনা ট্যাংকার রিচ স্টারি। ছবি: সংগৃহীত

মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ইরানের ৫২টি জাহাজ যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ভেঙে দেশটির জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

বুধবার (২৯ এপ্রিল) সংস্থাটি জানায়, স্থানীয় সময় গত সোমবার রাত ১০টা পর্যন্ত টানা তিন দিনের স্যাটেলাইট ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, অবরোধ অতিক্রম করা জাহাজগুলোর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাংকার এবং ২১টি পণ্যবাহী জাহাজ রয়েছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সশস্ত্র সংঘাত শুরু হয়। সংঘাতের প্রেক্ষাপটে ২ মার্চ ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দেয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।

পরবর্তীতে ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব না দেওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমআর/