শিরোনাম

‘বীর মুক্তিযোদ্ধা’ সম্বোধন নিয়ে যা বললেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
‘বীর মুক্তিযোদ্ধা’ সম্বোধন নিয়ে যা বললেন স্পিকার
সংসদ অধিবেশনে কথা বলছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

মুক্তিযোদ্ধা সংজ্ঞায় কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, যিনি অস্ত্র হাতে যুদ্ধ করছেন তিনিই মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধ সহায়ক।

বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের এক প্রস্তাবের উত্তরে স্পিকার এ কথা বলেন।

অধিবেশন চলাকালে সংসদের চলমান বিষয় নিয়ে এক প্রস্তাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, গতকাল (মঙ্গলবার) মহান সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা যারা সংসদে আছি, আমি মনে করি– আমরা মুক্তিযুদ্ধকে বিক্রি করি না, মুক্তিযুদ্ধকে ধারণ করি। আমাদের সংসদে সরকারি ও বিরোধী দলে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। সংসদে তাদের নামের আগে যদি ‘বীর মুক্তিযোদ্ধা’ বলা হয়, তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও একটা সম্মান দেওয়া হবে। সংসদের ভেতর যদি তা চালু করি, তাহলে বাইরেও বলতে পারবো।

শামা ওবায়েদের প্রস্তাবে স্পিকার বলেন, এরইমধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কিছু পরিবর্তন আনা হয়েছে, যা সংসদ অনুমোদন দিয়েছে। মুক্তিযোদ্ধা তিনিই, যিনি অস্ত্র হাতে যুদ্ধ করছেন। বাকিরা সবাই মুক্তিযুদ্ধের সহযোগী।

তিনি আরও বলেন, জাতীয় সংসদের কতজন সদস্য অস্ত্র হাতে যুদ্ধ করেছে, আমার জানা নেই। তবে সাধারণত সংসদে আসনভিত্তিক পরিচয় দিয়েই আমরা আলাপ করে থাকি। মুক্তিযোদ্ধা পরিচয় এখানে উহ্য থাকে। তবুও যদি কারো ব্যাপারে নিশ্চিত হওয়া যায় যে, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং প্রকৃত মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যে পড়েন– তাহলে সেভাবে তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।

/এফআর/