শিরোনাম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

ভোট কারচুপির অভিযোগ বিজেপির, যা বললো তৃণমূল

সিটিজেন ডেস্ক
ভোট কারচুপির অভিযোগ বিজেপির, যা বললো তৃণমূল
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালে ডায়মন্ড হারবার আসনে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি। এটি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকার বেশ কয়েকটি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। তবে তৃণমূল এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে দাবি করেছে, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

ইভিএম বিভ্রাট ও ভোটদানে বাধার অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলো।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া ফলতার হরিণডাঙ্গা হাইস্কুলের একটি বুথের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অভিযোগ করেন, ইভিএমের তৃতীয় বোতাম অর্থাৎ বিজেপির পদ্ম চিহ্নের ওপর টেপ লাগিয়ে রাখা হয়েছে যাতে ভোটাররা ভোট দিতে না পারেন। একে ‘ডায়মন্ড হারবার মডেল’ হিসেবে কটাক্ষ করে তিনি ফলতার বুথগুলোতে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। মালভিয়ার মতে, এই একই কৌশলে লোকসভা নির্বাচনেও জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল।

পাল্টা জবাবে তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল না করে বিজেপির উচিত সুনির্দিষ্ট প্রমাণসহ নির্বাচন কমিশনে অভিযোগ জানানো। তিনি আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কাছে বিজেপি শোচনীয়ভাবে হারতে চলেছে বলেই এখন অহেতুক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এদিকে, দিনের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং নির্বাচন কমিশন ও পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার ভূমিকার তীব্র সমালোচনা করেন। এর আগে তৃণমূলের পক্ষ থেকে আইপিএস অজয় পালের বিরুদ্ধে তাদের প্রার্থী জাহাঙ্গীর খানকে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ফলতার অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট বুথগুলোতে পুনরায় ভোট নেওয়ার ব্যবস্থা করা হবে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/