শিরোনাম

বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক

জামালপুর সংবাদদাতা
বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক
ছবি: সংবাদদাতা

সংসারে বনিবনা না হওয়ায় বউ তালাক দিয়ে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি দুধ দিয়ে গোসল করেছেন। রবিবার (২৬ এপ্রিল) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মরারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় ২ বছর আগে সূর্যনগর গ্রামের এক মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন মরারপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে ফরহাদ হোসেন। স্বামী-স্ত্রীর মধ্যে নানা কারণে বনিবনা না হওয়ায় গত ২৬ এপ্রিল সালিশ বসে। পরে আপোষ মীমাংসার মাধ্যমে ফরহাদ হোসেন তার স্ত্রীকে খোলা তালাক দিয়ে সর্ম্পকের বিচ্ছেদ ঘটান।

তালাকনামায় স্বাক্ষর দিয়ে ফরহাদ হোসেন ১১ কেজি দুধ দিয়ে গোসল করেন। গোসলের ধারণকৃত ভিডিও বুধবার (২৯ এপ্রিল) সকালে তার বন্ধুরা ফেসবুকে পোস্ট করেন। ঘটনা জানাজানি হলে ফরহাদের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।

সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, বিষয়টি ফরহাদ হোসেন অতিরঞ্জিত করেছেন। ফেসবুকে পোস্ট করা তার ঠিক হয়নি। বিষয়টি বিনোদনমূলক হলেও অপর পক্ষের জন্য কষ্টকর ও সম্মানহানিকর।

/এসআর/