শিরোনাম

ফাইনাল খেলবেন নাহিদ রানা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ফাইনাল খেলবেন নাহিদ রানা
নাহিদ রানা। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে মাঝপথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আসতে হয়েছিল বাংলাদেশি পেসার নাহিদ রানাকে। টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে শুরুতে পিএসএলে ফেরার জন্য নাহিদকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি।

এদিকে পিএসএলের ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। ফাইনালের জন্য নাহিদ রানাকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনুরোধ করেন দলের মালিক জাভেদ আফ্রিদি। তার অনুরোধ রেখেছে বিসিবি। ফাইনাল খেলার জন্য এনওসি দিয়েছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আফ্রিদি। পাশাপাশি এনওসি দেওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাভেদ লেখেন, ‘পিএসএলের ফাইনালে নাহিদ রানাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ।’

পিএসএলে প্রথমবার দল পেয়েছেন নাহিদ রানা। নিলামে ৬০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। সুযোগ পেয়ে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। দেশে ফেরার আগে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট ছিল ৫.৪২।

কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। আগামী ৩ মে অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান কিংবা ইসলামাবাদ ইউনাইটেড– এই তিন দলের যেকোনো একটি দল ফাইনালে উঠতে পারে।

/জেএইচ/