শিরোনাম

মার্কিন বাণিজ্যচুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক
মার্কিন বাণিজ্যচুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার
সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষর হওয়া বাণিজ্যচুক্তি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার (২৯ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ দাবি জানান।

রুমিন ফারহানা বলেন, গতকাল মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাণিজ্যচুক্তিটির বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। তিনি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানিপণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন।

রুমিন ফারহানা বলেন, মার্কিন রাষ্ট্রদূত আরেকটি বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন– বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য রপ্তানি করি, আমেরিকা থেকে সে পরিমাণ পণ্য আমদানি করি না। এই বাণিজ্যঘাটতি পূরণের লক্ষ্যে বাণিজ্যচুক্তি হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩ দিন আগে এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, তখন দেশের সুশীল সমাজ ও থিঙ্কট্যাংক মহল থেকে বলা হয়েছিল, একটি অনির্বাচিত সরকার এ ধরনের চুক্তি স্বাক্ষর করতে পারে না। এই চুক্তিতে অনেক ক্লজ আছে, যেগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী। সুতরাং নির্বাচনের পরে যখন একটি নির্বাচিত সরকার আসবে, তখন যেন এই চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু দুঃখজনক যে, অন্তর্বর্তী সরকার তা না শুনে ৯ ফেব্রুয়ারি এই চুক্তিতে স্বাক্ষর করে।

এ সময় রুমিন ফারহানাকে থামিয়ে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এটি কোনো পয়েন্ট অব অর্ডার হলো না। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৩০১ অনুযায়ী পয়েন্ট অব অর্ডার সংসদের চলমান বিষয়ের ওপরে হতে হয়, কিংবা সংসদের কাজে শৃঙ্খলা রক্ষার জন্য হতে হয়।

রুমিন ফারহানাকে উদ্দেশ করে স্পিকার বলেন, আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন। আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে।

স্পিকারের বক্তব্যের পর রুমিন ফারহানা আরও এক মিনিট সময় চান। তিনি বলেন, এই চুক্তি ৬০ দিনের মধ্যে যদি সরকার চায়, তা বাতিল করতে পারে। চুক্তিটি সংসদে আনা হোক।

তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত।

/এফসি/