শিরোনাম

হরমুজে চলাচল ওমানের জলসীমা ব্যবহারের পরামর্শ যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক
হরমুজে চলাচল ওমানের জলসীমা ব্যবহারের পরামর্শ যুক্তরাষ্ট্রের
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় সেখানে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে বিকল্প হিসেবে ওমানের জলসীমা ব্যবহারের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৪ মে) দেশটির সমর্থিত জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) জানিয়েছে, প্রণালিটি অতিক্রমের ক্ষেত্রে ওমানের জলসীমায় একটি ‘উন্নত নিরাপত্তা বলয়’ গড়ে তোলা হয়েছে, যা জাহাজ চলাচলের জন্য তুলনামূলকভাবে নিরাপদ বিবেচিত হতে পারে।

তবে বাস্তবে এই পরামর্শ কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। বর্তমানে কোনো জাহাজ ওই প্রণালি অতিক্রমের চেষ্টা করছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, ইরানের ধারাবাহিক হুমকি ও নৌপথে জাহাজ লক্ষ্য করে হামলার আশঙ্কায় শিপিং কোম্পানি ও বিমা প্রতিষ্ঠানগুলো কতটা ঝুঁকি নিতে রাজি হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এ পরিস্থিতিতে বাণিজ্যিক নৌপথ সচল রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ উদ্যোগকে কড়া ভাষায় সমালোচনা করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। সংস্থাটি এ পরিকল্পনাকে ‘অবাস্তব’ ও ‘প্রলাপ’ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, তেহরান আরও কঠোর অবস্থান স্পষ্ট করেছে। ইরানের সামরিক বাহিনী সোমবার জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী যেকোনো জাহাজকে তাদের সঙ্গে সমন্বয় করেই চলাচল করতে হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে এ ধরনের উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/