শিরোনাম

খার্গ দ্বীপের কাছে সাগরে ছড়িয়ে পড়ছে তেল

সিটিজেন ডেস্ক
খার্গ দ্বীপের কাছে সাগরে ছড়িয়ে পড়ছে তেল
ইরানের খার্গ দ্বীপের স্যাটেলাইট ছবি। ছবি: সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের উপকূলে বড় আকারের তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপটির পশ্চিম উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায় বিস্তৃত তেলের আস্তরণ দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঠিক কী কারণে এই তেল ছড়িয়ে পড়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে তেল দূষণ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অরবিটাল ইওএস-এর প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, তেলের স্তর অন্তত ৫২ বর্গকিলোমিটার বা প্রায় ২০ বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।

স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে, তেলের আস্তরণটি ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে সৌদি আরবের জলসীমার দিকেও বিস্তৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক পরিবেশ ও জাহাজ চলাচল নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানি ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি। দেশটির মোট তেল রপ্তানির বড় অংশ এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। ইরানের অর্থনীতিতে জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এই অঞ্চলকে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হয়।

দ্বীপটিতে ইরানের বৃহত্তম তেল টার্মিনাল, পাইপলাইন নেটওয়ার্ক, সংরক্ষণাগার এবং বিভিন্ন জ্বালানি অবকাঠামো অবস্থিত। এটি পারস্য উপসাগরের সেই অংশে অবস্থিত, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির উত্তর দিকে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে ঘিরে নিরাপত্তা সংকটের মধ্যেই এই তেল ছড়িয়ে পড়ার ঘটনা নতুন উদ্বেগ তৈরি করতে পারে। যদিও এখন পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে এই তেল দূষণ সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ এবং উপসাগরীয় অঞ্চলের পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা

/এমআর/