শিরোনাম

ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল
টিসিবির ট্রাক থেকে পণ্য ক্রয় করছেন জনসাধারণ। ছবি: সংগৃহীত

পবিত্র ইদুল আযহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দৈনিক ট্রাক প্রতি ৪০০ জনের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। ১১ থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) মোট ১০ দিন চলবে এ কার্যক্রম। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮.৮০ লক্ষ উপকারভোগীর নিকট প্রায় ১৩,৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা টিসিবির ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

আদেশে আরও বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি কার্যক্রম ইতোমধ্যেই চলমান রয়েছে।

পাশাপাশি পবিত্র ইদুল আযহা উপলক্ষে প্রতিদিন ঢাকা জেলাসহ মহানগরীতে ৫০টি, চট্টগ্রাম জেলাসহ মহানগরীতে ২০টি, অন্য ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

ভোক্তা প্রতি ভোজ্য তেল সর্বোচ্চ ২ লিটার প্রতি লিটার ১৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা, মসুর ডাল সর্বোচ্চ ২ কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

/এমআর/