শিরোনাম

সৌদি আরবে ১১ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক
সৌদি আরবে ১১ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও বিভিন্ন আইন অমান্যকারীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানে মাত্র এক সপ্তাহে ১১ হাজার ১৭৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হয়ছে। রবিবার (১০ মে) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

৩০ এপ্রিল থেকে শুরু করে ৬ মে পর্যন্ত সৌদি সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, আটককৃত বিপুল সংখ্যক প্রবাসীর মধ্যে ৬ হাজার ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে আবাসন আইন ভঙ্গের দায়ে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করায় ৩ হাজার ৬১৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে আরও ১ হাজার ৪০৩ জন অভিবাসী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন।

গ্রেপ্তারকৃতদের মূল তালিকার বাইরেও অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১১ জনকে হাতেনাতে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৬২ শতাংশই ইথিওপিয়ার নাগরিক। এরপরই রয়েছে ইয়েমেনিদের অবস্থান, যা মোট অনুপ্রবেশকারীর ৩৬ শতাংশ এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধ পথে সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার সময়ও ২৩ জনকে আটক করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও বেশ দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে সৌদি প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন অপরাধে জড়িত ১১ হাজার ২৭২ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া বাকি আটককৃতদের দেশে ফেরানোর অংশ হিসেবে তাদের ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক মিশন বা দূতাবাসে হস্তান্তর করা হয়েছে।

শুধুমাত্র অবৈধ অভিবাসীদেরই নয়, বরং এসব আইন লঙ্ঘনকারীদের বিভিন্নভাবে সহায়তা করার অপরাধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার। এক সপ্তাহের অভিযানে অবৈধ প্রবাসীদের পরিবহন সুবিধা দেওয়া, আশ্রয় প্রদান অথবা কর্মসংস্থানের সুযোগ দিয়ে সহায়তা করার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের যেকোনো ধরনের সহায়তা প্রদান গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের বেআইনি কাজের সঙ্গে কেউ জড়িত প্রমাণ হলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত বিশাল অঙ্কের জরিমানা হতে পারে।

দেশের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোথাও কোনো আইন লঙ্ঘনকারী বা সন্দেহভাজন ব্যক্তির সন্ধান পেলে অবিলম্বে নির্ধারিত জরুরি নম্বরে কল করে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/