শিরোনাম

শত্রুর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র তাক করা আছে: আইআরজিসি কমান্ডার

সিটিজেন ডেস্ক

শত্রুর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র তাক করা আছে: আইআরজিসি কমান্ডার
ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি হুঁশিয়ারি দিয়েছেন, তাদের অত্যাধুনিক মিসাইল ও ড্রোন বহর এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন লক্ষ্যবস্তু এবং শত্রু জাহাজগুলোর ওপর তাক করে রাখা হয়েছে।

শনিবার (৯ মে) রাতে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি স্পষ্ট করেন, বাহিনীর প্রতিটি ইউনিট এখন কেবল ওপর মহলের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে এবং নির্দেশ পাওয়ামাত্রই তারা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে মার্কিন-ইসরায়েলি জোটের অতর্কিত হামলার পর থেকেই এ উত্তেজনা বিরাজ করছে। সংঘাতের শুরুতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা শহীদ হন।

এ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী বিগত কয়েক সপ্তাহে অধিকৃত অঞ্চল এবং পারস্য উপসাগরে মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে ১০০টিরও বেশি ধাপে পাল্টা আক্রমণ চালায়, যা ৪০ দিন ধরে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। পরবর্তীতে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। উক্ত আলোচনায় তেহরান অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ ১০ দফা দাবি পেশ করে। তবে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকায় সেই শান্তি প্রক্রিয়া এখন ভেস্তে যাওয়ার মুখে। ইরানি কর্মকর্তাদের মতে, এ অবরোধ সরাসরি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এবং ওয়াশিংটন নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তেহরান আর কোনো আলোচনায় অংশ নেবে না।

সূত্র: তাসনিম নিউজ

/এমএকে/