শিরোনাম

পাকিস্তানে পুলিশ ফাঁড়িতে গাড়ি বোমা হামলায় ১২ কর্মকর্তা নিহত

সিটিজেন ডেস্ক
পাকিস্তানে পুলিশ ফাঁড়িতে গাড়ি বোমা হামলায় ১২ কর্মকর্তা নিহত
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ ফাঁড়িতে ভয়াবহ গাড়ি বোমা হামলা ও সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

আফগানিস্তান সীমান্তবর্তী বান্নু জেলায় শনিবার (৯ মে) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে, যা পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। পুলিশ কর্মকর্তা জাহিদ খান জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে নিরাপত্তা চৌকিতে আঘাত করলে সেটি মুহূর্তেই ধসে পড়ে এবং এর পরপরই শুরু হয় ব্যাপক গোলাগুলি।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, পুরো ফাঁড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং চারপাশে পোড়া ইট ও দুমড়ানো-মুচড়ানো যানবাহন ছড়িয়ে আছে। রয়টার্সের তথ্যমতে, প্রথম হামলার পর সাহায্য করতে আসা পুলিশ সদস্যদের ওপরও পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা আধুনিক ড্রোন ব্যবহার করে এ আক্রমণ করেছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এ বিস্ফোরণের প্রভাবে পাশের বেসামরিক এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই নাগরিক আহত হয়েছেন। বর্তমানে বান্নুর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান।

সূত্র: আল জাজিরা

/এমএকে/