শিরোনাম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান পাহলভির

সিটিজেন ডেস্ক
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান পাহলভির
রেজা পাহলভি। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত দেশটির সাবেক শাহর পুত্র রেজা পাহলভি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জার্মানির রাজধানী বার্লিন সফরকালে তিনি এই আহ্বান জানান। এ সময় জার্মানির সরকারের পক্ষ থেকে তার সঙ্গে দেখা না করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি।

ইউরোপের বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুলে পাহলভি বলেন, গত বছরের শেষদিকে হাজারও মানুষের প্রাণহানি ঘটানো তেহরান সরকারের রক্তক্ষয়ী দমন-পীড়ন ইউরোপ কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।

বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিবর্তন আসবে কি না, সেটি এখন আর প্রশ্ন নয়। পরিবর্তন আসন্ন। এখন আসল প্রশ্ন হলো, পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব যতক্ষণ পর্যন্ত কেবল দর্শক হয়ে থাকবে, ততক্ষণ আরও কত ইরানিকে প্রাণ দিতে হবে।

এদিকে সেন্ট্রাল বার্লিনে পাহলভির উপস্থিতিতেই তার সমর্থক ও বিরোধীরা পাল্টাপাল্টি বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পাহলভির শরীরে লাল রঙের তরল ছুড়ে মারেন এক বিক্ষোভকারী। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

গত বছর ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর সম্ভাব্য বিরোধী নেতা হিসেবে সামনে আসেন দীর্ঘদিন ধরে নির্বাসিত রেজা পাহলভি। তবে ইরানের বিরোধী দলগুলোর মধ্যে গভীর বিভাজন রয়েছে। এছাড়া শাহর শাসনের অবসানের প্রায় অর্ধশতাব্দী পর পাহলভির জনসমর্থন আসলে কতটা, তা স্পষ্ট না হওয়ায় পশ্চিমা সরকারগুলো তাকে সমর্থন দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/