শিরোনাম

হাজার কিলোমিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম ইউক্রেনের নতুন ড্রোন

সিটিজেন ডেস্ক
হাজার কিলোমিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম ইউক্রেনের নতুন ড্রোন
ছবি: সংগৃহীত

ইউক্রেন এমন এক শক্তিশালী ড্রোন প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা হাজার কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো ফেদোরভ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর সময় ইউক্রেনের ড্রোন তৈরির সক্ষমতা প্রায় শূন্য থাকলেও বর্তমানে দেশটি এ শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। এখন সাশ্রয়ী ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এই ইন্টারসেপ্টর ড্রোনকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফেদোরভ এই উদ্ভাবনকে ক্ষুদ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি নতুন স্তর হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ ব্যবস্থা অপারেটরদের ঝুঁকি কমিয়ে সম্মুখ সমরের সীমানার বাইরে থেকেও কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়। গত বছর ইউক্রেনে প্রায় ৪৫ লাখ ড্রোন উৎপাদিত হয়েছে এবং বর্তমানে এই উৎপাদন সক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় এটি ইউক্রেনের জন্য একটি বড় কৌশলগত সাফল্য। সম্প্রতি রাশিয়ার একটি বিশাল হামলায় ইউক্রেন বিপুল সংখ্যক ড্রোন ও মিসাইল রুখে দিতে সক্ষম হলেও কিছু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, যা এ ধরনের উন্নত প্রযুক্তির প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইউক্রেন বেশ কিছু ইউরোপীয় দেশের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদন করছে এবং ইরানি ড্রোন মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/