শিরোনাম

আইআরজিসির পাহারায় বন্দরে পৌঁছালো পণ্যবাহী ইরানি জাহাজ

সিটিজেন ডেস্ক
আইআরজিসির পাহারায় বন্দরে পৌঁছালো পণ্যবাহী ইরানি জাহাজ
ছবি: সংগৃহীত

ওমান সাগরে মার্কিন বাহিনীর জব্দ করার চেষ্টা ব্যর্থ করে দিয়ে হরমুজ প্রণালি হয়ে নিরাপদ বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, চালবাহী জাহাজটিকে ওমান সাগর থেকে বিশেষ পাহারায় নিয়ে আসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কব্জা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এ বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। এর আগে সোমবার (২০ এপ্রিল) ওমান উপসাগর থেকে মার্কিন বাহিনী একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তেহরান এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং এর পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বিভিন্ন বন্দরের ওপর কঠোর অবরোধ কার্যকর করা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এমন বৈরী পরিস্থিতির মধ্যেই আইআরজিসির কড়া পাহারায় পণ্যবাহী জাহাজটির সফলভাবে বন্দরে পৌঁছানোকে তেহরানের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

/এমএকে/