শিরোনাম

শিবিরের ওপর হামলায় জামায়াতের নিন্দা

সিটিজেন ডেস্ক
শিবিরের ওপর হামলায় জামায়াতের নিন্দা
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলা এবং পাবনা ও কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার । শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এবং নারী নেত্রী জুমার ওপর ছাত্রদলের নেতাকর্মীদের কাপুরুষোচিত হামলা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। হাজার হাজার শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধিদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হলে তিনি তা অস্বীকার করেন। পরবর্তীতে তাকে হত্যার হুমকি দেওয়া হলে তিনি নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে যান। কিন্তু পুলিশ জিডি গ্রহণ না করে উল্টো তাকে আটকে রাখে। খবর পেয়ে ডাকসু নেতৃবৃন্দ থানায় গেলে পুলিশের উপস্থিতিতেই ছাত্রদলের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে পুলিশের এই ভূমিকা অতীতের ফ্যাসিবাদী আচরণের কথা মনে করিয়ে দেয়। পুলিশের এমন আচরণে দেশবাসী আজ উদ্বিগ্ন।

এছাড়া তিনি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে শিবিরের শান্তিপূর্ণ মিছিলে এবং রাতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের হামলার ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। রাজনৈতিক প্রতিহিংসামূলক এসব হামলা কোনোভাবেই কাম্য নয়।

পরিশেষে জামায়াত নেতা শিক্ষাঙ্গনে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান এবং শাহবাগ থানার ভেতরে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সব পক্ষকে উসকানি পরিহার করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

/এমএকে/